পথ নবজাতকের সুরক্ষা নিশ্চিত করতে **”নিউবর্ন হাব”** প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সামাজিক ও আর্থিক দুরবস্থার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানদের গোপনে নিরাপদে রাখার জন্য এই হাব গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে অবহেলায় নবজাতকের মৃত্যুর হার কমবে বলে মনে করেন তারা।
বৃহস্পতিবার বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছর ৯৪টি পথ নবজাতক উদ্ধার করা হয়, যার মধ্যে ৬৪টি মারা যায়। নিউবর্ন হাব চালু হলে এসব শিশুর জীবন রক্ষা করা সম্ভব হতো।
নিউবর্ন হাবের উদ্দেশ্যঃ
ডা. মুজিবুর রহমান মুজিব বলেন, “নিউবর্ন হাব হলো একটি নিরাপদ আশ্রয়কেন্দ্র, যেখানে মায়েরা গোপনে তাদের সন্তানকে রেখে যেতে পারবেন। এতে পথে ফেলে যাওয়া শিশুর সংখ্যা কমবে এবং তাদের সুরক্ষা নিশ্চিত হবে।” তিনি আরও উল্লেখ করেন, “হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা করা গেলে মাতৃদুধের অভাবে নবজাতকের মৃত্যু রোধ করা সম্ভব।”
**সরকারি অনুমোদনের অভাব**
তিনি জানান, ইতিমধ্যে দেড় কোটি টাকা ব্যয় করে হিউম্যান মিল্ক ব্যাংকের যন্ত্রপাতি কেনা হয়েছে, কিন্তু ইসলামি ফাউন্ডেশন ও সরকারের অনুমোদন না থাকায় এটি চালু করা যাচ্ছে না। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
**সামাজিক সচেতনতা জরুরি**
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম বলেন, **”পথ নবজাতক উদ্ধার, চিকিৎসা ও লালন-পালনের দায়িত্ব শুধু ফাউন্ডেশনের একার নয়, সমাজকেও এগিয়ে আসতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন
মাহমুদা সুলতানা আসমা, চেয়ারম্যান, বাংলাদেশ নবজাতক হাসপাতাল
মো. হুমায়ুন কবির মঞ্জু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
একেএম সাখাওয়াত হোসেন সাংবাদিক
এই উদ্যোগ বাস্তবায়িত হলে পথে ফেলে দেওয়া নবজাতকের মৃত্যুহার কমবে এবং তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।













