নিজস্ব প্রতিবেদকঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর মুগদা এলাকা থেকে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ ইসহাক (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আজ ২৮/০৮/২০২৬ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মুগদা থানাধীন দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৪৯, দক্ষিণ মুগদাপাড়াস্থ আসামির নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে আসামি ইসহাক (৩৮)-কে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ঢাকার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক জনাব কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













