সাইমুল রাজু:
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিমানবন্দর থেকে ৩০০ ফুট সড়ক হয়ে সংবর্ধনা গ্রহণ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে গুলশানের বাসভবনে যাবেন তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ আদায়ের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই দিনে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।













