আনতালিয়া (তুরস্ক), ১৭ নভেম্বর ২০২৬: ম্যানগ্রোভ পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
আজ (মঙ্গলবার) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত এই অ্যালায়েন্স ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, অ্যালায়েন্সটির সদস্যদেশের সংখ্যা ৪৭টি।
বক্তব্যে ড. সাইমুম পারভেজ বৈঠক আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সদস্যদেশগুলোর অভিজ্ঞতাকে এমন যৌথ প্রকল্পে রূপ দিতে হবে, যা উপকূল রক্ষা করবে এবং ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, এই বন জলোচ্ছ্বাসের প্রভাব কমায়, মাছের প্রজনন ও বেড়ে ওঠার আবাসস্থল হিসেবে কাজ করে এবং গাছ ও মাটিতে কার্বন সঞ্চয় করে। উপকূলীয় পরিবারের ঘরবাড়ির নিরাপত্তা ও আয়ের নিশ্চয়তার সঙ্গে সুন্দরবনের সুস্থতা নিবিড়ভাবে সম্পর্কিত।
ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি তুলে ধরেন। তিনি উপকূলে বিদ্যমান ম্যানগ্রোভ সংরক্ষণ, প্রাকৃতিক পুনর্জন্মে সহায়তা এবং উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন। খাল পুনর্বাসন ও উপকূলীয় সুরক্ষার উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করলে পানি নিষ্কাশন, বসতি সুরক্ষা ও উপকূলীয় জীবিকা আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন তিনি।
জলবায়ু অর্থায়নের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের আরাইজ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চাওয়ার লক্ষ্যে বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুতের জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এই পরিকল্পনায় উপকূল সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল জীবিকা অগ্রাধিকার পাবে।
অ্যালায়েন্সের সহযোগিতার জন্য তিনটি ক্ষেত্র প্রস্তাব করেন ড. সাইমুম পারভেজ। প্রথমত, ম্যানগ্রোভ পুনরুদ্ধারে নিয়োজিত দল ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়। দ্বিতীয়ত, বন পুনরুদ্ধার, উপকূল সুরক্ষা ও ব্লু কার্বন পর্যবেক্ষণে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি তৈরি। তৃতীয়ত, দুই বা ততোধিক সদস্যদেশের অংশগ্রহণে অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুত করা।
বাংলাদেশের প্রণয়নাধীন জাতীয় কার্বন বাজার কাঠামো ও পরিকল্পিত জাতীয় রেজিস্ট্রির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে অতিরিক্ত, দীর্ঘস্থায়ী ও স্বাধীনভাবে যাচাইযোগ্য কার্বন সুফল নিশ্চিত করা গেলে কার্বন ক্রেডিট দীর্ঘমেয়াদি বন পরিচর্যায় অর্থায়নের সুযোগ দিতে পারে। এ ক্ষেত্রে দ্বৈত গণনা প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে। আগ্রহী সদস্যদেশগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের যৌথ প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ড. সাইমুম পারভেজ।
বৈঠকে অন্যান্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক আল শামসি, ইন্দোনেশিয়ার উপপরিবেশমন্ত্রী দিয়াজ ফয়সাল মালিক হেন্দ্রোপ্রিয়োনো, মালদ্বীপের পরিবেশমন্ত্রী থোরিক ইব্রাহিম এবং বেলজিয়ামের জলবায়ু ও পরিবেশবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত উইলেম ভ্যান ডি ভোর্দেসহ বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।













