নিজস্ব প্রতিবেদকঃ
গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৩০ মিনিটে সিআইডির একটি চৌকস দল মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সোহাগ ফকিরকে (৩৮) গ্রেফতার করে। তিনি আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা—সুতারকান্দি, ২ নম্বর ওয়ার্ড, বাজিতপুর ইউনিয়ন, থানা—রাজৈর, জেলা—মাদারীপুর। এ সময় তাঁর হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা নং-০৭, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪/৫/৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।












