লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানার মামলা নং- ০১(১০)২৬, ধারা: ১১(খ)/১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত ২ নং আসামি সুমন রহমান @ রকি (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন অভিযান চালিয়ে সিংগা গ্রামস্থ স্থানীয় মসজিদের পাশে মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি সুমন রহমান রকি লোহাগড়া উপজেলার কলাগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী লোহাগড়া পৌরসভাধীন রামপুর গ্রামের লাভলী বেগম (৩২)। গত ২১/০৯/২০২৬ ইং তারিখে তার ভাড়া বাসায় এসে তার স্বামী ফারুক মোল্লা ও তার দেবররা যৌতুকের দাবিতে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় ১ নং আসামি ফারুক মোল্লা বাদীকে চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হ’ত্যাচেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা পালিয়ে যায়।
আহত অবস্থায় বাদীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন জানান, আসামি সুমন রহমানকে গ্রেফতাবর করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”












