আলী আহসান রবিঃ
৪ অক্টোবর ২০২৬
বিশ্বের অন্যান্য দেশের মতো ৯ অক্টোবর ২০২৬ তারিখ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। এ বছর Universal Postal Union (UPU) ঘোষিত প্রতিপাদ্য-“One postal network infinite possibilities” যার বাংলা অনুবাদ করা হয়েছে “সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা”। ১৮৭৪ সালের ৯ অক্টোবর Universal Postal Union প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত UPU Congress-এ দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব ডাক দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
বিশ্ব ডাক দিবস-২০২৬ এমন একটি সময়ে উদযাপিত হচ্ছে, যখন বাংলাদেশ ডাক বিভাগ তার ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারের গৃহীত কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট নীতিগত নির্দেশনার আলোকে ডাক বিভাগের সেবার আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হলো উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস; পোস্ট পিকআপ ও ডেলিভারি সেবা; ই-কমার্স ও লজিস্টিকস সহায়তায় ফুলফিলমেন্ট সেন্টার চালুকরণ; ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিং; কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন; দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা- স্পীড পোস্ট; এবং ডাক নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া।
সরকারের নির্বাচনী অংগীকার ও ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ডাক বিভাগের সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা যা সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যার সমাধানের সাথে সরাসরি সম্পৃক্ত। এতে একদিকে যেমন সরকারের জনবান্ধব ও কর্মসংস্থানমুখী উদ্যোগ বাস্তবায়নে ডাক বিভাগ ভূমিকা রাখছে, অন্যদিকে তেমনি দেশের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, কৃষিপণ্য বিপণন ও নাগরিক সেবা ব্যবস্থাকে একটি বিস্তৃত সরকারি লজিস্টিকস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করছে।
স্পীডপোস্টের মাধ্যমে মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত মোট প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। এই বিপুল পরিমাণ পার্সেল পরিবহন প্রমাণ করে যে, দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী পার্সেল সেবার ক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের প্রতি জনগণ ও উদ্যোক্তাদের আস্থা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইন ব্যবসায়ীদের জন্য স্পিড পোস্ট দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিকশিত হচ্ছে।
বাংলাদেশ ডাক বিভাগের আন্তর্জাতিক পার্সেল সেবাতেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেলের পরিমাণ ছিল ২৪৩ টন। বিপরীতে ২০২৬-২৭অর্থবছরের প্রথম তিন মাসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১৬ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ের তুলনায় বিদেশগামী পার্সেল পরিবহন বেড়েছে ৭৩ টন বা প্রায় ২৯.৮৪ শতাংশ। এই প্রবৃদ্ধি দেশের জনগণ, প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিকভাবে পণ্য প্রেরণকারী উদ্যোক্তাদের কাছে বাংলাদেশ ডাক বিভাগের আন্তর্জাতিক পার্সেল সেবার ব্যবহার ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সূচক।
ফেব্রুয়ারী ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে ১৫,৩৩,৬৮৩ জনের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা।
বিশ্ব ডাক দিবস ও ডাকসেবা সপ্তাহের কর্মসূচি
বিশ্ব ডাক দিবস উপলক্ষে আগামী ৯ ও ১০ অক্টোবর ২০২৬, শুক্রবার ও শনিবার, বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে (সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত) ডাকসেবা প্রদান করা হবে। এ উপলক্ষে ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করা হবে। ডাকসেবা সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ডাক বিভাগের এই পরিবর্তনের মূল শক্তি দেশের বিস্তৃত ডাক নেটওয়ার্ক এবং জনগণের দীর্ঘদিনের আস্থা। বর্তমান নেটওয়ার্ককে আধুনিক প্রযুক্তি, নতুন অবকাঠামো, উদ্যোক্তা অংশগ্রহণ এবং উন্নত গ্রাহকসেবার সঙ্গে যুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগ ভবিষ্যতের সমন্বিত ডাক ও লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তুলতে এগিয়ে যাচ্ছে। ‘One Postal Network, infinite possibilities’ যার বাংলা করা হয়েছে “সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা এই প্রত্যয়ে বাংলাদেশ ডাক বিভাগ জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।













